স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বৈত শাসন: ‘ডেভিল হান্ট’ নায়কদের কোণঠাসা করার নেপথ্যে কারা?

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বৈত শাসন: ‘ডেভিল হান্ট’ নায়কদের কোণঠাসা করার নেপথ্যে কারা?

বিশেষ প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রার ১৫ মাস অতিক্রান্ত হয়েছে। অথচ বিগত স্বৈরাচারী সরকারের আমলে দীর্ঘ ১৮ বছর ধরে পদবঞ্চিত, নির্যাতিত ও পেশাদার পুলিশ কর্মকর্তাদের ভাগ্যাকাশে এখনো কালো মেঘ। অভিযোগ উঠেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের একটি প্রভাবশালী চক্রের ষড়যন্ত্রে নতুন করে ‘টার্গেট’ হচ্ছেন এই কর্মকর্তারা। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রাখা এবং বাহিনী পুনর্গঠনে নেতৃত্ব দেওয়া কর্মকর্তাদের রহস্যজনকভাবে বদলি, বরখাস্ত বা গুরুত্বহীন পদে পদায়ন করায় পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বৈত শাসন ও ষড়যন্ত্রের ছায়া: অনুসন্ধানে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বর্তমানে এক অদ্ভুত ‘দ্বৈত প্রশাসনিক ব্যবস্থা’ চলছে। অভিযোগ রয়েছে, একজন বিশেষ সহকারী এবং একজন প্রভাবশালী সচিবের নেতৃত্বে একটি সিন্ডিকেট স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশ কাটিয়ে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত জোরপূর্বক বাস্তবায়ন করছে। এই চক্রের মূল লক্ষ্য হলো—বিগত আমলে যারা সততার কারণে বঞ্চনার শিকার হয়েছিলেন, তাদের পুনরায় কোণঠাসা করে রাখা। গোয়েন্দা প্রতিবেদনে সেই প্রভাবশালী সচিবসহ কয়েকজন কর্মকর্তার দুর্নীতির বিষয়ে নেতিবাচক মন্তব্য ও সুপারিশ থাকা সত্ত্বেও সরকার তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলে প্রশাসনিক স্থবিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অবনতি ঘটছে।

শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর অভিযোগ : পুলিশের মনোবল ভেঙে পড়ার পেছনে শীর্ষ নেতৃত্বের বিতর্কিত ভূমিকাও সামনে এসেছে। বর্তমান পুলিশ প্রধানের (আইজিপি) বিরুদ্ধে ‘ফ্যাসিস্টদের দোসর’ এবং বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার খবর চাউর হওয়ার পর বাহিনীর অভ্যন্তরীণ অসন্তোষ তীব্র হয়েছে।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতে, পুলিশের বিশেষ গোয়েন্দা অসহযোগিতা বাড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ‘ডেভিল হান্ট’ নায়কের প্রতি বিমাতাসুলভ আচরণ ষড়যন্ত্রের অন্যতম শিকার ময়মনসিংহ রেঞ্জের সাবেক ডিআইজি ড. মো. আশরাফুর রহমান। বিসিএস ১৫তম ব্যাচের এই কর্মকর্তা ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ময়মনসিংহ রেঞ্জে যোগদান করেন। দায়িত্ব নেওয়ার পর ভেঙে পড়া পুলিশি মনোবল পুনরুদ্ধারে তিনি অসামান্য ভূমিকা রাখেন। তার নেতৃত্বে পরিচালিত ‘ডেভিল হান্ট’ অভিযানে ৮০০-এর বেশি চিহ্নিত সন্ত্রাসী ও ফ্যাসিবাদের দোসর গ্রেপ্তার হয়, যা সর্বমহলে প্রশংসিত হয়। অথচ গত মার্চ মাসে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়। সূত্রমতে, সর্বশেষ পদোন্নতি বোর্ডে অতিরিক্ত আইজিপি হওয়ার মতো সব যোগ্যতা ও ক্লিন ইমেজ থাকা সত্ত্বেও তাকে বিবেচনা করা হয়নি, যা রহস্যজনক।
বঞ্চিতদের ওপর শাস্তির খড়গ শুধু আশরাফুর রহমান নন, রোষানলে পড়েছেন আরও অনেক দক্ষ কর্মকর্তা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে কোনো যৌক্তিক কারণ ছাড়াই সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ডিএমপির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালনকারী অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) ফারুক আহমেদকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক পদে বদলি করা হয়েছে। একে ‘ডাম্পিং পোস্টিং’ বা গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, এই কর্মকর্তারা বিগত সরকারের আমলে দীর্ঘ সময় পদোন্নতিবঞ্চিত ছিলেন এবং তাদের পরিবারও নানাভাবে হয়রানির শিকার হয়েছিল।

মেধাবীদের গুরুত্বহীন পদে পদায়ন : বিগত আমলে ১৮ বছর বঞ্চনার শিকার ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে পদোন্নতি দেওয়া হলেও তাকে পাঠানো হয়েছে হাইওয়ে পুলিশে। একইভাবে কেএমপির যুগ্ম পুলিশ কমিশনার ডিআইজি আবু রায়হান মোহাম্মদ সালেহকে সারদা পুলিশ একাডেমিতে, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ডিআইজি মোহাম্মদ উসমান গনিকে টুরিস্ট পুলিশে এবং এসবির অতিরিক্ত ডিআইজি এ.কে.এম মোশাররফ হোসেন মিয়াজীকে এসবিতেই অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছে।
বিশেষজ্ঞ মতামত: একাধিক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দক্ষ, মেধাবী ও ডিআইজি পদমর্যাদার পরীক্ষিত কর্মকর্তাদের ‘অপারেশনাল’ বা গুরুত্বপূর্ণ পদে না রেখে সাইডলাইনে বসিয়ে রাখা আত্মঘাতী সিদ্ধান্ত। এতে মাঠপর্যায়ে চেইন অব কমান্ড দুর্বল হয়ে পড়ছে এবং অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠছে। তারা অবিলম্বে এই পরিস্থিতির সংশোধন এবং ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com