মাদকে সয়লাব ময়মনসিংহ

মাদকে সয়লাব ময়মনসিংহ

আকাশ মনি,স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ : ময়মনসিংহ নগরীতে প্রায় ২৪ লাখের অধিক লোকের বসবাস। মানুষের সাথে সাথে বেড়ে চলছে এ এলাকায় ব্যবসা বানিজ্য। সেই সাথে অপরাধী চক্র তৎপর হয়ে উঠেছে আগের চেয়ে বহুগুণ। আর দিন দিন ময়মনসিংহে মাদকে সয়লাব হচ্ছে। আইনশৃংখলা বাহিনী এ ব্যাপারে মাঝে মাঝে তৎপর থাকলেও কতিপয় পুলিশ-কথিত সাংবাদিকের সাথে মাদক ব্যবসায়ীদের সখ্যের কারণে মূল গডফাদাররা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে মাদকের করাল গ্রাসে আজ ধ্বংসের পথে যুবসমাজ। স্কুল কলেজগামী ছাত্ররা আসক্ত হয়ে পড়ছে মাদকের এ মরণ নেশায়। বিপথগামী হচ্ছে শিক্ষার্থীরা। মাদকের নেশায় আসক্ত হয়ে চুরি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। উদ্বিগ্ন হয়ে পড়েছে অভিভাবকরা। মাদকের এ করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষায় ময়মনসিংহবাসী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট জোর দাবি জানিয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, ময়মনসিংহে শতাধিক মাদকের স্পট রয়েছে। এসব স্পটে মাদকদ্রব্যের মধ্যে হেরোইন, ফেন্সিডিল, গাঁজা বেশি বিক্রি হচ্ছে। তবে যৌন উত্তেজক ‘ইয়াবা’ ট্যাবলেট সাভারে পাইকারী বিক্রি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আবার ইয়াবা ট্যাবলেটেরও রয়েছে বিভিন্ন কোড নম্বর। কোড নম্বর ভেদে ট্যাবলেটের দাম নির্ধারণ হয়। আবার কিছু কিছু এলাকায় মাদক ব্যবসায়ীরা অভিনব কায়দায় শার্টের কলার ও হাতলের ভাঁজে, মানিব্যাগে, জুতার ভেতরে, দিয়াশলাই ও সিগারেটেরে প্যাকেটের ভিতরে রেখে খুচরা এলাকায় ঘুরে ঘুরে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। ময়মনসিংহে শুধু মাদকেই শেষ নয়। এ মাদকের ছত্রছায়ায় গড়ে ওঠেছে অপরাধীর অভয়ারণ্য হিসেবে। ছিনতাই, চুরি, দেহব্যবসা, ভূমি দখলসহ নানারকম অপরাধের ঘটনা এ এলাকায় এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার।

স্থানীয়রা এদের যন্ত্রনায় অতিষ্ঠ হলেও প্রতিবাদ করতে সাহস পায় না। কেউ কেউ প্রতিবাদ করলে হামলা-মামলার শিকার হতে হচ্ছে। পুলিশ-ভুয়া সাংবাদিক অনেকের সাথে গোপনে মাদক ব্যবসায়ীদের সখ্যের কারণে ভুক্তভোগীদের আরো ভোগান্তিতে পড়তে হচ্ছে। এদের সিন্ডিকেট এতই শক্তিশালী যে, আইনশৃঙ্খলা বাহিনী এসব স্পটে হানা দেয়ার আগেই তারা পুলিশের উপস্থিতি টেরে পেয়ে যাচ্ছে। জানা যায়, এ সিন্ডিকেটগুলোর নেতৃত্ব দিয়ে আসছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি।
পুলিশ ও র‌্যাব একাধিকবার অভিযান চালিয়ে কয়েক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলেও কয়েকদিনের মধ্যে আবার জামিনে ছাড়া পেয়ে ফের পূর্বের ব্যবসায় জড়িয়ে পড়ে। এসব এলাকায় র‌্যাব একাধিকবার অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করলেও কয়েকদিনের মধ্যে আবার জামিনে ছাড়া পেয়ে ফের পূর্বের ব্যবসায় জড়িয়ে পড়ছে তারা। অনেকেই অভিযোগ করেন, এ সকল স্পট থেকে থানা পুলিশ ও ভুয়া সাংবাদিকরা মাসোয়ারা পেয়ে থাকেন। ফলে পুলিশ নিরব ভূমিকা পালন করছে। তবে ময়মনসিংহবাসী দ্রুত মাদকের এ বিস্তার রোধে প্রশাসনের ঊর্দ্ধতন মহলের নিকট জোর দাবি জানান। তারা বলেন, মাদকের এ করাল গ্রাসে আমাদের যুব সমাজ দিন দিন ধ্বংসের পথে। ময়মনসিংহবাসী এ অবস্থা থেকে দ্রুত পরিত্রাণ চায়।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com