আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
গাজার ওপর ইসরায়েলের আগ্রাসন থামার কোনো লক্ষণ নেই, এক বছরেরও বেশি সময় ধরে অব্যাহত এই হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৪২ হাজার ৯২৪ ফিলিস্তিনি। সাম্প্রতিক ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর আক্রমণে আরও ৭৭ জন নিহত এবং ২৮৯ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
ইসরায়েলের হামলায় আহতের সংখ্যা ইতোমধ্যে লক্ষাধিক ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় বহু মানুষ আটকা পড়েছেন, যাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না। ধারণা করা হচ্ছে, গাজা জুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে অন্তত ১০ হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল তার আগ্রাসন অব্যাহত রেখেছে। ইসরায়েলি আক্রমণে গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, এবং গির্জাসহ হাজার হাজার স্থাপনা ধ্বংস হয়েছে। দুই মিলিয়ন বাসিন্দার মধ্যে ৮৫ শতাংশই বাস্তুচ্যুত হয়ে খাবার, পানি এবং ওষুধের অভাবে সংকটে ভুগছেন।