ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চীনের ডালিয়ান সফর শেষে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে তিনি ডালিয়ান থেকে যাত্রা শুরু করেন।প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ এর বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।

১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’এর এই আয়োজনে আরও অংশ নেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ।

সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনীতি, ব্যবসা, শিক্ষা ও গণমাধ্যম খাতের ১ হাজার ৭০০ জনের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।সংশ্লিষ্টরা মনে করছেন, ‘গ্রীষ্মকালীন দাভোস’ এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন দেশের উন্নয়ন অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার (২২ জুন) চীনের ডালিয়ানে পৌঁছান।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com