আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইরানে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় উপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজকে দেওয়া এক বিবৃতিতে ইরান সরকারের একটি সূত্র বলেছে, ইসরায়েলের কোনো পদক্ষেপকে চুপচাপ মেনে নেওয়ার প্রশ্নই আসে না। ইরানের বিমান বাহিনী নিশ্চিত করেছে যে তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে আক্রমণ চালানো হয় এবং সফলভাবে আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়েছে, যদিও কিছু জায়গায় সামান্য ক্ষতি হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। গত ১ অক্টোবর হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিক্রিয়ায় ইরান থেকে ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা এই প্রতিশোধমূলক হামলার মূল কারণ ছিল বলে মনে করা হচ্ছে।
ইরানের তেল ও পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলের পরিকল্পনায় সমর্থন দেয়নি যুক্তরাষ্ট্র, কারণ এমন হামলায় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল।