আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বর হামলায় আরও ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে এই উপত্যকায় মোট নিহতের সংখ্যা প্রায় ৪২ হাজার ৮০০ জনে পৌঁছেছে। বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৩ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ইসরায়েলের চলমান হামলায় ৭৪ জনের মৃত্যু হয়েছে, যা গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মোট মৃত্যুর সংখ্যা ৪২ হাজার ৭৯২ জনে নিয়ে গেছে। একই সময়ে আহত হয়েছেন এক লাখেরও বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আক্রমণে ১৩০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন, যাদের উদ্ধারকাজ এখনো সম্ভব হচ্ছে না।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের ধারণা, গাজার ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে এখনো ১০ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন। যদিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, ইসরায়েল গাজায় তার আগ্রাসন অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজায় নির্বিচারে বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়েছে।
এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে, গাজার ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন, এবং খাদ্য, পানি, ওষুধসহ মৌলিক চাহিদার মারাত্মক সংকটে ভুগছেন। ইসরায়েলের এই আগ্রাসন গাজার ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস করেছে।
এছাড়া, ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।