নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দেওয়া আট বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন।
আজ বুধবার হাইকোর্ট তাঁর আপিল মঞ্জুর করে রায় দিয়েছেন। বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার একক বেঞ্চ এ রায় প্রদান করেন।
২০২১ সালের ১২ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. শহিদুল ইসলাম এই মামলায় বাবরকে দুই ধারায় যথাক্রমে পাঁচ ও তিন বছরের কারাদণ্ড দেন। তবে বাবরের করা আপিলের শুনানি শেষে আজ হাইকোর্ট সেই রায় বাতিল করে তাঁকে খালাস দেন। আদালতে বাবরের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী এ কে এম ফজলুল হক শুনানি করেন।
আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, “হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে লুৎফুজ্জামান বাবরের আপিল মঞ্জুর করেছেন। ফলে তিনি এই মামলায় খালাস পেলেন। তবে তাঁর বিরুদ্ধে আরও ১৩টি মামলা চলমান থাকায় তিনি এখনই কারামুক্তি পাচ্ছেন না।”
২০০৮ সালের ১৩ জানুয়ারি দুদক বাবরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে এবং ওই বছরের ১৬ জুলাই অভিযোগপত্র জমা দেয়। ২০০৮ সালের ১২ আগস্ট আদালত বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
উল্লেখ্য, বিএনপি সরকারের সাবেক এই প্রতিমন্ত্রী ২০০৭ সাল থেকে কারাবন্দী আছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাঁর মৃত্যুদণ্ড হয়েছে। এছাড়া ১০ ট্রাক অস্ত্র মামলাতেও তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।