লেবাননে ২৫ শহর খালি করার নির্দেশ ইসরায়েলের

লেবাননে ২৫ শহর খালি করার নির্দেশ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক || নেত্রকোণার আলো ডটকম:
লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করে দেশটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বিমান হামলার পাশাপাশি চলছে স্থলও হামলাও। হামলা আরও জোরদার করতে দক্ষিণ লেবাননের ২৫টি শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল।
এসব শহরের বাসিন্দাদের অবিলম্বে তাদের বাড়িঘর ছেড়ে উত্তর দিকে চলে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।
সোমবার (১৪অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই দক্ষিণ লেবাননের ২৫টি শহরের বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে আওয়ালি নদীর উত্তরে চলে যেতে বলেছেন।
যেসব শহর খালি করতে বলা হয়েছে সেগুলো হলো- বোরঘোলিয়েহ, কাসমিয়েহ, নবী কাসিম, আল-মাতারিয়াহ, খারায়েব, মাজরাত কাউথারিয়েত এল রেজ, আনসার, বাবলিয়াহ, দেইর তাকলা, আদলউন, আনসারিয়েহ, মেরুয়ানিয়েহ, জেফতা, বাফারুয়েহ, হাব্বাউচ, নাবাতিহ, সেজউদ, জবা, আনকউন, বানাফউল, কেননারিত, জেইতা, আরনায়া, মাজরাত মাতারিয়েত জবা এবং তানবোরিত।
ইসরায়েলির সামরিক মুখপাত্র আদ্রাই বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী এসব শহরের বাসিন্দাদের ‘উপযুক্ত পরিস্থিতিতে’ ফিরে আসার অনুমতি দেবে।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের কয়েক ডজন শহর থেকে মানুষজনকে সরে যাওয়ার আদেশ জারি করেছিল। পরে সেসব এলাকায় বিমান ও স্থল হামলা চালানো হয়।
ইসরায়েল গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার নামে দক্ষিণ লেবাননজুড়ে ব্যাপকভাবে বিমান হামলা শুরু করেছে। এই হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪৮৮ জন নিহত হয়েছেন এবং আরও ৪ হাজার ২৯৭ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com