লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১৬৪৫

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১৬৪৫

আন্তর্জাতিক ডেস্ক | নেত্রকোণার আলো ডটকম:
লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় গত কয়েক সপ্তাহে অন্তত ১,৬৪৫ জন নিহত হয়েছেন। হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান সংঘাতে গত এক বছরে মোট ২,২২৫ জন প্রাণ হারিয়েছেন। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা নিয়মিত ঘটছে। বিশেষ করে গত সেপ্টেম্বরে ইসরায়েল লেবাননে তাদের হামলা বাড়িয়ে দেয়।

শনিবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরের একটি প্রধান বাণিজ্যিক এলাকায় বোমা হামলা চালায়, এতে অন্তত আটজন আহত হন। এর আগে শুক্রবার রাতে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা চালায়। জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (ইউএনআইএফআইএল) জানায়, দুই দিনের মধ্যে এটি পঞ্চম হামলা, যার ফলে আরও এক শান্তিরক্ষী আহত হন।

ইসরায়েল বেকা উপত্যকায়ও বোমাবর্ষণ করেছে, যাতে হতাহতের ঘটনা ঘটেছে। দক্ষিণ লেবাননের ২২টি গ্রামের বাসিন্দাদের উত্তর দিকে সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েল।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের হাফিয়ার কাছে একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং ৩৫টি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে। তবে ইসরায়েল দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ প্রজেক্টাইল প্রতিহত করতে সক্ষম হয়েছে, যদিও কয়েকটি প্রজেক্টাইল কৃষি জমিতে পড়ে আগুন ধরিয়েছে।

এদিকে, ইসরায়েলের গাজায় হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক আল জাজিরাকে জানিয়েছেন, উত্তর গাজায় নবম দিনের সামরিক অবরোধে কমপক্ষে ২০০ জন নিহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর পর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক যুদ্ধ শুরু করে। ইসরায়েলের হামলায় গাজায় এ পর্যন্ত ৪২,১৭৫ জনের প্রাণহানি ঘটেছে এবং ৯৮,৩৩৬ জন আহত হয়েছেন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com