আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা প্রায় ৪২ হাজার-এ পৌঁছেছে।
আনাদোলুর খবর অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে চলমান এই হামলায় আহত হয়েছেন আরও ৯৭ হাজারের বেশি ফিলিস্তিনি।
মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলের চলমান হামলায় আরও ৫৬ জন নিহত এবং ২৭৮ জন আহত হয়েছেন। এ নিয়ে অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ৯৬৫ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের নিরলস আক্রমণে আরও অন্তত ৯৭ হাজার ৫৯০ জন আহত হয়েছেন। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন এবং উদ্ধারকারীরা এখনো তাদের কাছে পৌঁছাতে পারেননি।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও ইসরাইল তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
ইসরাইলি আক্রমণের কারণে ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরাইলি আক্রমণের ফলে গাজার ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং খাদ্য, পানি, ওষুধের তীব্র সংকটে রয়েছেন।
গাজার ৬০ শতাংশ অবকাঠামো ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে। ইসরাইলের এই হামলার জন্য তাকে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।