নিজস্ব প্রদিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
অন্তর্বর্তীকালীন সরকার ৪৭তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার জন্য সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) চিঠি পাঠিয়েছে। এ বিসিএসের মাধ্যমে প্রায় সাড়ে ৩ হাজার শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদা অনুযায়ী মোট ৩ হাজার ৪৬০টি শূন্য পদ পূরণের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে।
৪৭তম বিসিএস হবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর সরকারি চাকরিতে নিয়োগের প্রথম বড় পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে বহু চাকরিপ্রত্যাশী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এর আগে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল ২০২৪ সালের এপ্রিলে, কিন্তু লিখিত পরীক্ষা হয়নি। সেই সময়ে পিএসসির বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে এবং একটি চক্রের প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকার প্রমাণ মেলে। পরে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয় এবং পিএসসির কিছু কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
গত জুলাই-আগস্টের গণআন্দোলনের পর পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা পদত্যাগ করেন, এবং তার স্থলাভিষিক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোবাশ্বের মোনেম।
এর আগে, বিভিন্ন বিসিএসে শূন্যপদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম ছিল। ৪৬তম বিসিএসে শূন্যপদ ছিল ৩ হাজার ১০০টি, ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯টি, ৪৪তম বিসিএসে ১ হাজার ৭১০টি, এবং ৪৩তম বিসিএসে ১ হাজার ৮১৪টি।