বাবাকে বাঁচাতে কালো ভালুককে গুলি করে হত্যা করলো ১২ বছরের ছেলে

বাবাকে বাঁচাতে কালো ভালুককে গুলি করে হত্যা করলো ১২ বছরের ছেলে

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের বার্নেট কাউন্টিতে ১২ বছরের এক ছেলে তার বাবাকে কালো ভালুকের হামলা থেকে বাঁচাতে গুলি করে ভালুকটিকে মেরে ফেলেছে। প্রাকৃতিক সম্পদ বিভাগ জানিয়েছে, গত ৬ সেপ্টেম্বর সাইরেন শহরে তাদের কেবিনের পাশে এই ঘটনা ঘটে।
ওই দিন রেয়ান বেয়ারম্যান (৪৩) ও তার পরিবার কেবিনের পাশে শিকারে বের হলে একটি কালো ভালুক তার ওপর আক্রমণ করে। ভালুকটি আক্রমণ শুরু করলে রেয়ান তাকে পিস্তল দিয়ে আঘাত করতে থাকেন, কিন্তু এটি কোনও কাজ করেনি। এই পরিস্থিতিতে তার ১২ বছর বয়সী ছেলে দ্রুত সিদ্ধান্ত নিয়ে পিস্তল দিয়ে ভালুকটিকে গুলি করে। গুলিবিদ্ধ ভালুকটি ঘটনাস্থলেই মারা যায়।
ভালুকের হামলায় রেয়ান বেয়ারম্যান বাহু, পা এবং পেটে আঘাত পান। তিনি বলেন, “ভালুকটি আক্রমণ করার পর এটিকে পিস্তল দিয়ে আঘাত করি। কিন্তু মনে হয়েছিল যেন ইটের দেয়ালে আঘাত করছি। আমার ছেলে না থাকলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারতো, কল্পনা করাও কঠিন।”
এই সাহসী কাজের জন্য রেয়ান তার ছেলের প্রতি অত্যন্ত গর্বিত। তিনি মিনিয়াপলিশ স্টার-ট্রিবিউনকে বলেন, “আমার ছেলের এমন বীরত্বপূর্ণ কাজে আমি খুশি। সে আমার জীবন বাঁচিয়েছে।”
উইসকনসিনের প্রাকৃতিক সম্পদ বিভাগ জানায়, এই অঞ্চলে ভালুকের আক্রমণের ঘটনা খুবই বিরল। ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত অঙ্গরাজ্যে মাত্র ৯টি ভালুকের হামলার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ছেলেটির সাহসিকতার প্রশংসা করেছে সবাই।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com