আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লেচার কান্ট্রি কোর্টহাউসে বিচারক কেভিন মুলিনসকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে হোয়াইটসবার্গের আদালতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
কেন্টাকি রাজ্য পুলিশের মুখপাত্র ম্যাট গেহার্ট জানান, লেচার কান্ট্রি শেরিফ শাওন স্টিনেস (৪৩) আদালতের ভেতরেই বিচারকের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে তাকে গুলি করেন। ঘটনাস্থলেই বিচারকের মৃত্যু হয়। ঘটনার সময় আদালতে প্রায় ৫০ জন কর্মী উপস্থিত থাকলেও আর কেউ আহত হয়নি।
কেন এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সে বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং এর প্রকৃত কারণ উদঘাটনে তারা তৎপর।
এ ঘটনার পরপরই হোয়াইটসবার্গে অবস্থিত একটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্টাকির অ্যাটর্নি জেনারেল রাসেল কোলেম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, “এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং আমরা সঠিক বিচার নিশ্চিত করবো।”
রাজ্য সরকারও বিচারক কেভিন মুলিনসের হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছে এবং এর পেছনের কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
এ ধরনের ঘটনা সমাজে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে চ্যালেঞ্জ তৈরি করে। সাম্প্রতিক সময়ে বিচারকদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় এই ঘটনা আরও বেশি উদ্বেগের সৃষ্টি করেছে।