আতাউল করিম, নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ও উপপরিদর্শক (এসআই) জাহেদুল ইসলাম–এর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ হেডকোয়ার্টার্সসহ রাজশাহী ও রংপুর রেঞ্জ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে পৃথকভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক ওসি আল হেলাল মাহমুদের বিরুদ্ধে সাংবাদিক আনোয়ার হোসেন ও তার বাবাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার, সাজানো মামলার মাধ্যমে দীর্ঘদিন হয়রানি এবং সাংবাদিক আনোয়ার হোসেনের পরিবারের কাছ থেকে ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্তের দায়িত্ব গ্রহণ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।
বিষয়টি সাংবাদিকদের কে নিশ্চিত করেছেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম (পিপিএম)। তিনি জানান, অভিযোগকারীকে একটি লিখিত নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশে আগামী ১৫ ডিসেম্বর সকাল ১১টায় সাক্ষীসহ তার কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে অভিযোগকারী সাফিয়া জানান, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে নিযুক্ত তদন্তকারী কর্মকর্তা তাকে ফোন করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে চান। তিনি পুরো ঘটনার বিবরণ তদন্ত কর্মকর্তার কাছে তুলে ধরেছেন। পাশাপাশি তিনি জানান, আগামী ১৫ ডিসেম্বর উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তার জবানবন্দি গ্রহণ করবেন।
সংশ্লিষ্ট মহল মনে করছে, অভিযোগগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হলে পুলিশ প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।