এবার ফেঁসে যাচ্ছেন ভুরুঙ্গামারী থানার বিতর্কিত ওসি আল হেলাল মাহমুদ

এবার ফেঁসে যাচ্ছেন ভুরুঙ্গামারী থানার বিতর্কিত ওসি আল হেলাল মাহমুদ

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার বিতর্কিত ওসি আল হেলাল মাহমুদের নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকেই আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। এসব সংবাদে ক্ষিপ্ত হয়ে স্থানীয় গণকণ্ঠের সাংবাদিক আনোয়ার হোসেনকে সাজানো পাঁচটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান ওসি।

ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ তিন দফায় তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের হয়। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করা হয়। এদিকে সাংবাদিক আনোয়ার হোসেনকে গ্রেফতারের সময় সাবেক ওসি মনিরুল ইসলাম এবং বর্তমান ওসি আল হেলাল মাহমুদের নেতৃত্বে তাকে অমানবিক নির্যাতন ও হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এরইমধ্যে ওসি আল হেলাল মাহমুদসহ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

তার বিতর্কিত কর্মকাণ্ডে ভুরুঙ্গামারী থেকে শুরু করে কুড়িগ্রাম জুড়ে তুমুল সমালোচনার ঝড় বইছে। দীর্ঘ ৯০ দিন ধরে কারাভোগ করছেন সাংবাদিক আনোয়ার হোসেন। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকের বোন সাফিয়া পুলিশ হেডকোয়ার্টারে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

পুলিশ হেডকোয়ার্টারের স্মারকলিপি অনুযায়ী রংপুর রেঞ্জ থেকে ওসি আল হেলাল মাহমুদের কাছে ইতোমধ্যে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগ রয়েছে—মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তিনি থানায় পোস্টিং পেয়েছেন। তবে এ বিষয়ে রংপুর রেঞ্জের ডিআইজির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “তার বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টার থেকে দুটি অভিযোগ এসেছে। তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com