মিয়ামির একটি নাইটক্লাবে জনপ্রিয় পপ গায়িকা শাকিরার সঙ্গে ঘটে যায় একটি আপত্তিকর ঘটনা, যা নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, শাকিরা তার জনপ্রিয় গান ‘সোলটেরা’-এর সঙ্গে পারফর্ম করার সময় এক ব্যক্তি তার পোশাকের নিচ থেকে ভিডিও ধারণের চেষ্টা করেন।
শাকিরা বিষয়টি নজরে আসার পর ইশারায় ওই ব্যক্তিকে সতর্ক করে জানান, যেন পোশাকের নিচের দিকে নয়, তার মুখের ছবি তোলা হয়। কিন্তু কিছুক্ষণ পর একই ব্যক্তি আবারও একই কাজ করলে শাকিরা রেগে গিয়ে মঞ্চ ছেড়ে চলে যান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে, যা নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা।
নেটিজেনরা এই ঘটনা নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করছেন। একজন মন্তব্য করেছেন, “ওই ব্যক্তিকে যৌন হেনস্তার দায়ে গ্রেপ্তার করা উচিত।” আরেকজন লিখেছেন, “এটি অত্যন্ত হতাশাজনক আচরণ। মঞ্চে বা মঞ্চের বাইরে শিল্পীদের গোপনীয়তা ও সম্মানের অধিকার রয়েছে, এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।”
এ বিষয়ে এখনো শাকিরা কোনো মন্তব্য করেননি। তবে পেজ সিক্সকে নাইটক্লাব কর্তৃপক্ষ জানায়, শাকিরা ভক্তদের সঙ্গে মুহূর্ত উপভোগ করার সময় ভিডিওধারণকারীদের ভিডিও করতে নিষেধ করেছিলেন।