ভালুকার ওসি সাবেক ছাত্রলীগের নেতা, তদন্তে প্রমাণিত!

ভালুকার ওসি সাবেক ছাত্রলীগের নেতা, তদন্তে প্রমাণিত!

সাইফুল ইসলাম, সিলেট থেকে : ময়মনসিংহ জেলা পুলিশ প্রশাসনে ওসি পদে এক সাবেক ছাত্রলীগ নেতার পদায়ন ঘিরে ব্যাপক বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়েছে। তিনি বর্তমানে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন মো. হুমায়ুন কবীর খোকন। যিনি একসময় সিলেট এমসি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ২০০২ সালে সিলেটের লালাবাজার ইউনিয়ন ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও ২০০৪-২০০৫ সালে দক্ষিণ সুরমা থানা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার বাবা ছিলেন সাবেক পুলিশ পরিদর্শক ও ইউপি আওয়ামী লীগের আইন সম্পাদক। এসব তথ্য সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সংস্থা’র পরিচিতি যাচাই রিপোর্টে উল্লেখ থাকলেও, সিলেটের সিটি এসবি’র পুলিশ পরিদর্শক ফয়সাল আহমেদের প্রতিবেদন অনুযায়ী তিনি কোনো রাজনৈতিক সম্পৃক্ততার সঙ্গে জড়িত নন এই দ্বৈত তথ্য নিয়েই প্রশ্ন উঠেছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে। জানাগেছে, ভালুকা মডেল থানার ওসি মোঃ হুমায়ুন কবীর খোকন ও সিলেটের সিটি এসবি’র পুলিশ পরিদর্শক ফয়সাল আহমেদ ঘনিষ্ট বন্ধু। তাই তার পক্ষে ভেটিং রিপোর্ট দেওয়ায় ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম হুমায়ুন কবীর কে ময়ননসিংহের শিল্পনগরী ভালুকা মডেল থানায় ওসি হিসেবে পদায়ন করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক পুলিশ কর্মকর্তা পুলিশ পরিদর্শক মিন্টু দে প্রতিবেদক কে জানান, আমি সিলেট থেকে বদলি হয়ে নেত্রকোনা জেলাতে বদলি হয়ে চলে আসছি। আমি ২৩-২৪ সালের তদন্ত (ভেটিং) করেছিলাম। তখন আমার প্রতিবেদনে ওসি হুমায়ুন কবীর খোকন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল এই মর্মে একটি প্রতিবেদন দাখিল করে সিটিএসবি’তে জমা দিয়েছিলাম। জানাগেছে, ২০২৩-২৪ সালে মৌলভীবাজার জেলার ওসি হওয়ার জন্য (ভেটিং) পরিচিতি যাচাই করা হয়। সেখানে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে তিনি নিজেই বক্তব্য দিয়েছেন যে ছাত্রলীগের রাজনীতি ও বিভিন্ন পদের সাথে জড়িত ছিলেন। এ ঘটনায় সিলেট গোয়েন্দা পুলিশের সাবেক পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম ও পুলিশ পরিদর্শক মিন্টু দে নামের দুই পুলিশ কর্মকর্তা ওসি হুমায়ুন কবিরের (ভেটিং) পরিচিতি যাচাই করেন। সেখানে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে উল্লেখ করা হয়।

৫ আগস্ট এর পর সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা পুলিশ পরিদর্শক ফয়সাল আহমেদ তিনি (ভেটিং) পরিচিতি যাচাই প্রতিবেদনে রাজনীতির সাথে জড়িত নন বলে উল্লেখ করেন। তবে প্রতিদিনের কাগজের অনুসন্ধানী প্রতিবেদনে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে আলোচনা সমালোচনা শুরু হয়। এরপর ময়মনসিংহ পুলিশ সুপারের ডিএসবি থেকে আবারো ভেটিং ( পরিচিতি যাচাই) করতে সিলেট সিটিএসবি’তে চাওয়া হয় ।সিটিএসবি’র পুলিশ পরিদর্শক সফিকুল ইসলামের স্বাক্ষরিত গত ১৪ আগষ্ট-২৫ ইং তারিখ একটি গোপনীয় প্রতিবেদন ময়মনসিংহের ডিএসবি’র অতিরিক্ত পুলিশ সুপার বরাবরে পরিচিতি যাচাই (ভেটিং) প্রেরণ করা হয়েছে বলে একটি গোপন সূত্রে জানা গেছে।

একটি সূত্রে জানাগেছে, গত ১৪ জুলাই সিলেট থেকে একটি গোয়েন্দা প্রতিবেদন (ভেটিং) করে ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ে প্রেরণ করা হয় । সেই পরিচিতি যাচাই (ভেটিং) এ ছাত্রলীগের রাজনীতির সাথে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবীর সরাসরি জড়িত ছিলবলে উল্লেখ করা হয়। ঘটনা সত্যতা পাওয়ার পরেও ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি। এ ঘটনায় একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কাছে জানতে চাইলে তিনি প্রতিদিনের কাগজকে জানান, এ ঘটনায় যদি পুলিশ সুপারের কোন গাফিলতি থেকে থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, তদন্ত চলছে, এখনো শেষ হয়নি। সিলেট থেকে কোন প্রতিবেদন এখনো পাইনি। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার (অতিরিক্ত আইজিপি) মোঃ রেজাউল করিম পিপিএম-বিপিএম কে বলেন, ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবীরের বিষয়ে আমরা তদন্ত করেছি। নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি তো অনেক আগের, তা খোঁজে বের করতে সময় লাগছে। তারপরও আমরা পক্ষে-বিপক্ষের কথা শুনেছি। উভয়ের বক্তব্য আমরা নিয়েছি। ময়মনসিংহের ডিএসবি’র এডিশনাল এসপির বরাবরে একটি প্রতিবেদন প্রেরণ করা হয়েছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com