নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে হত্যার হুমকির পর ছুরিকাঘাত করে হত্যাচেষ্টা চালানো হয়। হামলার এক মাস পেরিয়ে গেলেও পুলিশ ও প্রশাসনের কোনো তৎপরতা নেই। বরং হুমকিদাতা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং নিয়মিত সরকারি দপ্তরগুলোতে যাতায়াত করছে। জানা গেছে, গত ২৬ মে সকালে নগরীর পাটগুদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব ও সমন্বয়ক আল নূর মোহাম্মদ আয়াশের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগপন্থি দুর্বৃত্তরা তাকে লাঠি, রড দিয়ে পিটিয়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হামলার তিন দিন আগেই এক সাংবাদিক বদরুল আমিন ফেসবুকে পোস্ট দিয়ে সমন্বয়কদের ‘ঝুলিয়ে হত্যার’ মাধ্যমে ‘প্রতিবিপ্লব’ চালানোর আহ্বান জানায়। পরে ফেসবুক ও প্রকাশ্যে অন্যান্যদের হুমকির ঘটনাও সামনে আসে। এতে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা দিন দিন আরও অনিরাপদ হয়ে পড়ছেন।
অনুসন্ধানে জানা গেছে, বদরুল আমিন নিয়মিতভাবে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখছেন। ৩০ এপ্রিল সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের পলাতক এক নেতার সঙ্গে একাধিকবার ফোনালাপের তথ্য নিশ্চিত করেছে একটি গোয়েন্দা সংস্থা। এছাড়া গত ছয় মাসে তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অন্তত ১২ নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন।
বদরুল বর্তমানে স্থানীয় উর্মি বাংলা পত্রিকায় কর্মরত। পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুমন ভৌমিক। অভিযোগ রয়েছে, পলাতক আওয়ামী নেতারা ময়মনসিংহের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ঘোলাটে করতে বদরুলসহ একদল সুবিধাভোগী সাংবাদিককে অর্থায়ন করছেন।
আল নূর মোহাম্মদ আয়াশ বলেন, “হত্যাচেষ্টার পর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু রহস্যজনক কারণে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। বদরুলের বিষয়েও পুলিশ সুপারকে জানানো হয়েছে। তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।” তিনি বলেন, “আওয়ামী লীগ দেশে ফেরার আগেই শেখ মুজিবের ম্যুরাল ভাঙার প্রতিশোধ নিচ্ছে তাদের পান্ডারা, আর প্রশাসন নীরব দর্শক হয়ে আছে।”
এদিকে জানা যায়, হামলার পরদিন বদরুল কোতোয়ালি থানায় উপস্থিত হয়ে মামলার খোঁজখবর নেন। তখন এক পুলিশ কর্মকর্তা তাকে ‘সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলার’ পরামর্শ দেন বলেও একটি সূত্র নিশ্চিত করেছে। এরপর থেকেই বদরুল ফেসবুকে ধারাবাহিকভাবে উসকানিমূলক পোস্ট দিয়ে যাচ্ছেন।