পল্টনে মাদক কারবারিদের গুলিতে ডিবির দুই সদস্য আহত

পল্টনে মাদক কারবারিদের গুলিতে ডিবির দুই সদস্য আহত

রাজধানীর পল্টন এলাকায় বুধবার গভীর রাতে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) দুই সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।আহত পুলিশ সদস্যরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন। তারা লালবাগ বিভাগের দায়িত্বে ছিলেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান।

ডিবি সূত্র জানায়, গতকাল দিবাগত রাত ১টার পর গোপন খবরের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের একটি দল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) বিপরীত পাশে রাস্তার ওপর একটি প্রাইভেটকারের গতি রোধ করার চেষ্টা করেন। এ সময় ভেতর থেকে মাদক কারবারিরা গুলি চালায়। এতে ডিবির এএসআই আতিক হাসানের পেটের বাঁ পাশে ও কনস্টেবল সুজনের বাঁ হাঁটুতে গুলি লাগে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।ডিবি কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com