ময়মনসিংহে দুই ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহে দুই ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে লাইন থেকে বগিটি সরানোর পর ওই পথে ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরের বেগুনবাড়ি রেলস্টেশনের কাছে জামালপুরের তারাকান্দিগামী আন্তনগর যমুনা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে জামালপুরের সঙ্গে ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে আজ সকাল ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বৈরী আবহাওয়ায় বেগুনবাড়ি এলাকায় রেললাইনের ওপর একটি গাছ উপড়ে পড়লে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ ছাড়া বৈরী আবহাওয়ায় কারণে গতকাল রাত ১২টার দিকে শম্ভুগঞ্জে রেললাইনে গাছ পড়ে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস আটকা পড়ে। পরে গাছ সরিয়ে নিলে ট্রেনটি পুনরায় চালু হয়।

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুপুর ১২টার দিকে বগিটি সরানোর পর ওই পথে ট্রেন চলাচল শুরু হয়েছে। এ ছাড়া গতকাল রাতে লাইনচ্যুত হওয়া ট্রেন যমুনা উদ্ধার শেষে ভোর ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com