বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

অনলাইন  ডেস্ক: বাংলাদেশে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্র্বতী সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, বিশ্বের যেকোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা বা অসহিষ্ণুতার নিন্দাও জানায় ওয়াশিংটন।যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১৯ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড বাংলাদেশ পরিস্থিতি ও ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে ট্যামি ব্রুস কাছে এক প্রশ্নকারী যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের এমন উদ্বেগ ও এর প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চান।

ওই প্রশ্নকারী বলেন, “মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড বাংলাদেশে ইসলামী চরমপন্থার ক্রমবর্ধমান হুমকি এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করেছেন। যদিও তিনি সরাসরি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতীকালীন সরকারকে দোষারোপ করেননি, কিন্তু মুহাম্মদ ইউনূস এই উদ্বেগগুলোকে তীব্রভাবে অস্বীকার করেছেন এবং এগুলোকে অসত্য বলে অভিহিত করেছেন। গতকালই ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাফতের পক্ষে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এটি বাংলাদেশের চিত্র, যা পরিস্থিতি সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করছে। চলমান এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কি ইউনূস সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে?

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, “আমরা যেকোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার যেকোনো ঘটনার নিন্দা জানাই এবং বাংলাদেশের সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানাই। আমরা এটাই দেখছি। এটাই আমরা প্রত্যাশা করি। এবং এটাই অব্যাহত থাকবে।”

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com