১৭ বছরের অব্যবস্থাপনা ১৫ মাসে দূর করা সম্ভব নয়: উপদেষ্টা সাখাওয়াত

১৭ বছরের অব্যবস্থাপনা ১৫ মাসে দূর করা সম্ভব নয়: উপদেষ্টা সাখাওয়াত

নোয়াখালী প্রতিনিধি : নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ১৭ বছরের জঞ্জাল, অব্যবস্থাপনা ও অনিয়ম মাত্র ১৫ মাসে দুর করা সম্ভব নয়। এ সময় দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে ইজিআইএমএনএস শীর্ষক প্রকল্পের লাইট হাউজের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে কিছু সমস্যার মুখোমুখি হচ্ছি। যেভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ভাঙচুর করে সবকিছু ফেলে একটি সরকার পালিয়ে গিয়েছে। সেটিকে টেনে তুলতে একটু সময় লাগবে। আমরা চেষ্টা করছি যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়।

রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে দিতে সবাইকে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, দ্রব্যমূল্যের দাম বর্তমানে অনেক নিয়ন্ত্রণে আছে। রমজানে প্রচুর খেজুর, ছোলা বিভিন্ন দেশ থেকে আসছে। আমাদের দেশের ব্যবসায়ীরা রমজান আসলে এটিকে হরিলুটের জায়গা মনে করে। তারা সিন্ডিকেট তৈরি করে। এ বিষয়ে আমার কঠোর অবস্থানে আছি। প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে তারা যেনো বাজার সিন্ডিকেট ভেঙে দেয়।

পরে তিনি নিঝুমদ্বীপের স্থানীয় লোকজনের সাথে কথা বলেন। এ সময় মানুষজন তাদের বিভিন্ন সমস্যার কথা উপদেষ্টার কাছে উপস্থাপন করেন। নিঝুমদ্বীপ দেশের পর্যটনে ব্যপক ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন উপদেষ্টা।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com