স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের স্থানীয় সাংবাদিক ও অনলাইন নিউজ পোর্টাল ৭৫ বাংলাদেশ ডট কম-এর সম্পাদক মাইনুদ্দিন উজ্জলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার ও মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ফেসবুক পোস্ট ও সংবাদ প্রকাশ করছেন এবং মামলা দায়েরের মাধ্যমে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন।
স্থানীয়দের দাবি, সম্প্রতি মাইনুদ্দিন উজ্জল তার অনলাইন পোর্টালে ও ফেসবুকে একটি প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে বলা হয়—২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের অফিস রুমে ইউনিয়ন আওয়ামী লীগের গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রতিবেদনের সাথে একটি ছবি সংযুক্ত করা হয়, যেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দেখা যায়।
তবে অনুসন্ধানে জানা গেছে, উক্ত ছবি অন্তত ৮ বছর আগের এবং এটি একটি শোক দিবসের দোয়া মাহফিলের সময় তোলা হয়েছিল। ছবির কয়েকজন ব্যক্তির বর্তমান ও পুরোনো চেহারার তুলনা করলে বিষয়টি স্পষ্ট হয়। স্থানীয়রা দাবি করেছেন, ওই তারিখে স্কুলে কোনো বৈঠক হয়নি এবং প্রতিষ্ঠানটি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকায় এ ধরনের কার্যকলাপের কোনো প্রমাণ পাওয়া যায়নি।এ ঘটনায় এসআই আলী আকবর বাদী হয়ে ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কোতোয়ালি থানায় একটি মামলা (নং ১৬(২)২৫) দায়ের করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে মোহিতুর রহমান শান্তসহ ৪৬ জনকে, পাশাপাশি কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।এ বিষয়ে মামলার অন্যতম আসামি, চর নিলক্ষীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক মন্ডল, দাবি করেছেন—তিনি দীর্ঘদিন অসুস্থ এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত নন।
তাই তাকে মামলায় জড়ানো অন্যায্য।একইভাবে, আরেক আসামি সিদ্দিকুর রহমান শাহীন, যিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, জানিয়েছেন যে, অতীতে রাজনৈতিক মামলায় জড়িত থাকার কারণে তাকে উদ্দেশ্যমূলকভাবে এ মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।অন্যদিকে, স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, মাইনুদ্দিন উজ্জল দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিদের নামে মিথ্যা সংবাদ প্রচার করছেন এবং তাদের বিরুদ্ধে মামলা করে ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। তবে তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে জানতে মাইনুদ্দিন উজ্জলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। তবে তার ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, তিনি কেবল সাংবাদিকতার নীতি মেনে কাজ করছেন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশ সূত্র জানিয়েছে, মামলাটি তদন্তাধীন এবং যথাযথ প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।