বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট প্রায়ই বিভিন্ন ইস্যুতে আলোচনায় থাকেন। সম্প্রতি তার গালের অতিরিক্ত চর্বি অপসারণের গুঞ্জন নিয়ে বিতর্কে পড়তে হয়েছে তাকে। একটি ভিডিওতে দাবি করা হয়, এই অস্ত্রোপচারের সময়ে তিনি নাকি আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন, যার ফলে কথা বলার সময়ে তার মুখের এক দিক বেঁকে যায়।
এসব ভিত্তিহীন দাবির জবাব দিতে সম্প্রতি আলিয়া তার ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, “যারা অস্ত্রোপচার করিয়েছেন, তা তাদের ব্যক্তিগত পছন্দ। কিন্তু কিছু ভিডিওতে দাবি করা হচ্ছে যে অস্ত্রোপচারের কারণে আমার মুখ বেঁকে গিয়েছে এবং আমার হাসিতে পরিবর্তন এসেছে। আমার কথা বলার ধরনও নাকি অদ্ভুত। আমার মুখ নিয়ে এরকম মনগড়া মতামত আর বৈজ্ঞানিক যুক্তি নিয়ে এসব মন্তব্যের কোনো প্রমাণ নেই।”
তিনি আরও লেখেন, “এ ধরনের ভিত্তিহীন দাবিগুলো অল্পবয়সী ছেলেমেয়েদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। জনপ্রিয়তা পাওয়ার জন্য কি এগুলো প্রচার করা হচ্ছে? সব দাবি ভিত্তিহীন এবং মিথ্যে।”
আলিয়ার এই প্রতিক্রিয়ায় গুঞ্জনের ঝড় কিছুটা হলেও থামবে বলে আশা করা হচ্ছে।