কিশোরগঞ্জে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নামে মামলা

কিশোরগঞ্জে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নামে মামলা

কিশোরগঞ্জ সংবাদদাতা, নেত্রকোণার আলো ডটকম:

কিশোরগঞ্জের করিমগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নুকে প্রধান আসামি করে ৮৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন কাদিরজঙ্গল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওমর কাইয়ূম। মামলায় অজ্ঞাত আরও ২৬০-২৭০ জনকে আসামি করা হয়েছে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার রাতে দায়ের করা এই মামলায় প্রধান আসামি মুজিবুল হক চুন্নু ছাড়াও নির্দেশদাতা হিসেবে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের সাবেক প্রধান সমন্বয়ক এম সানাউল হক, জাপা মহাসচিবের সাবেক এপিএস আমিরুল ইসলাম খান বাবলু, করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ, এবং প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আ.ন.ম নৌশাদ খানকেও আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শান্তিপূর্ণ মিছিলে পূর্বপরিকল্পিতভাবে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র, শর্টগান ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শতাধিক সাধারণ ছাত্র ও বিএনপির নেতাকর্মী আহত হন।

মামলা করতে বিলম্বের কারণ হিসেবে বাদী উল্লেখ করেছেন, তথ্য-উপাত্ত সংগ্রহে সময় লাগায় মামলার প্রক্রিয়ায় দেরি হয়েছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com