নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে হওয়া আন্দোলন প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, “বঙ্গভবন বা অন্য কোথাও কোনো ধরনের বিক্ষোভ বা আন্দোলনের প্রয়োজন নেই। জনগণের মেসেজ আমরা পেয়েছি এবং সে বিষয়ে আলোচনা চলছে।” তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
আজ বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে জনগণের সমর্থনে। এই সরকার বিদ্যমান সংবিধান এবং রাষ্ট্রপতির অধীনে কাজ করছে। তবে যদি আমাদের মনে হয়, বর্তমান সেটআপে রাষ্ট্র পরিচালনা ব্যাহত হচ্ছে বা জনগণ অসন্তুষ্ট, তখন আমরা বিষয়টি পুনর্বিবেচনা করব।”
উপদেষ্টা আরও বলেন, “রাষ্ট্রপতির পদে থাকা বা না থাকা সম্পূর্ণ একটি রাজনৈতিক সিদ্ধান্ত, আইনি বা সাংবিধানিক প্রশ্ন নয়। রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে একটি সমাধানে আসা যেতে পারে, এবং সে বিষয়ে আলোচনা চলছে। আমাদের প্রধান লক্ষ্য হলো রাষ্ট্রের স্থিতিশীলতা, নিরাপত্তা, এবং শৃঙ্খলা বজায় রাখা।”
তিনি উল্লেখ করেন, “বর্তমানে দেশে বিভিন্ন দেশি-বিদেশি চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে, যা থেকে সুবিধাভোগী গোষ্ঠীগুলো ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন অরাজকতা সৃষ্টি না হয়।”
ছাত্র-জনতার আল্টিমেটামের বিষয়ে উপদেষ্টা বলেন, “আমরা আলোচনা করছি, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। যখন একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো যাবে, তখন তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।”
তিনি ফ্যাসিবাদী শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টার কথাও উল্লেখ করেন, “এদের প্রতিরোধ করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”