পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ শুরু করেছে সরকার: অর্থ উপদেষ্টা

পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ শুরু করেছে সরকার: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণারে আলো ডটকম:

অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, পাচার হওয়া অর্থ ফেরাতে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে। রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, “গত দেড় দশক ধরে পাচার হওয়া টাকা কবে ফেরত আনা সম্ভব হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে পাচারের অর্থ ফেরাতে সরকার কাজ শুরু করেছে।”

তিনি আরও জানান, “পাচারের অর্থ নিয়ে একটি টাস্কফোর্স আছে, গভর্নর এটা নিয়ে কাজ করছেন। তিনি ওয়াশিংটনে গেছেন, আমরাও যাব। সেখানে গেলে আরও আলোচনা হবে। এরা আমাদের প্রায়োরিটি।”

অর্থ ফেরাতে কমিশন গঠনের বিষয়ে সালেহ উদ্দিন বলেন, “কমিশন গঠনের প্রয়োজন হলে সেটা আলাপ আলোচনার পরে বলা যাবে। এখন এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না।”

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে তিনি বলেন, “বাজারে স্বস্তি ফেরাতে আমরা চেষ্টা করছি। ইতোমধ্যে ডিম আমদানির পর ডিমের বাজারে স্বস্তি এসেছে। সবজির বাজারেও স্বস্তি আসবে। ধীরে ধীরে সবগুলোতে স্বস্তি আসবে।”

উল্লেখ্য, পাচারের টাকা ফেরত আনতে গঠিত টাস্কফোর্স গত ২৯ সেপ্টেম্বর পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত টাস্কফোর্সের সভাপতি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে। এটি ২০২২ সালের ৫ মে প্রথম গঠিত হয়েছিল এবং পরবর্তীতে ২০২৩ সালের ১৫ জানুয়ারি এটি পুনর্গঠন করা হয়।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com