নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণরা আলো ডটকম:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মার্টফোন ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। রোববার (২০ অক্টোবর) সকালে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।
সারজিস আলম বলেন, “প্রতিটি শিক্ষার্থীর লক্ষ্য হওয়া উচিত এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফল করা এবং পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নেওয়া। এর আগ পর্যন্ত স্মার্টফোন ব্যবহার থেকে বিরত থাকা উচিত। আমি নিজেও অনার্সের প্রথম বর্ষে স্মার্টফোন নিয়েছি।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “ভালোভাবে পড়াশোনা করে একটি ভালো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করতে হবে, সেটা দেশেই হোক বা বিদেশে। মনে রাখবেন, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়লে বেশি প্ল্যাটফর্ম পাবেন নিজেকে বিকশিত করার জন্য।”
তিনি আরও বলেন, “অষ্টম, নবম ও দশম শ্রেণি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে তারা সহজেই সোশ্যাল মিডিয়া, ফ্রেন্ড সার্কেল বা বিভিন্ন সম্পর্কের প্রভাবে লাইচ্যুত হতে পারে। এই সময়টা একজন শিক্ষার্থীর জন্য ম্যাচিউরড নয়। তাই আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। শিক্ষার্থীদের ম্যাচিউরিটি আসে গ্র্যাজুয়েশন শেষ করার পর।”