অনলাইন ডেস্ক, নেত্রকোণা আলো ডটকম:
দাবি বাস্তবায়নের জন্য ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ত্যাগ করেছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৪:৩০টায় বাংলাদেশ স্বাধীনতা আউটসোর্সিং কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শিশির এই ঘোষণা দেন।
এস এম শিশির বলেন, “কোনো ঠিকাদার যদি আমাদের ভাই-বোনদের ওপর নির্যাতন করেন কিংবা আমাদের দাবি না মানেন, তবে ১৫ দিন পর আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।”
তিনি আরও উল্লেখ করেন যে, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বাসভবনে গেলে তার অসুস্থতার কারণে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। তবে প্রেস সচিব ও বিশেষ সহকারী মাহফুজ আলমের সঙ্গে আলোচনা হয়েছে।
আন্দোলনের অন্যতম সংগঠক শিশির আরও জানান, “আমাদের দাবি দাওয়া তারা শুনেছেন এবং আলোচনা করেছেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে সংস্কার কমিটিগুলোতে আমাদের বিষয়টি নিয়ে কাজ করা হবে। যদি তা সম্ভব না হয়, তবে নতুন কমিটি গঠন করে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।”