মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোটগ্রহণ শুরু

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোটগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। গতকাল শনিবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনায় এই ভোটগ্রহণ শুরু হয়। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার প্রতিবেদন অনুযায়ী, রাজ্যজুড়ে ১০০টি কাউন্টির ৪০০ কেন্দ্রে সরাসরি ভোট প্রদান শুরু হয়েছে, যা চলবে ১৭ দিনব্যাপী। তবে ঝড়ে বিধ্বস্ত পশ্চিমাঞ্চলের ২৫টি কাউন্টির মধ্যে ৮০টির মধ্যে ৪টি কেন্দ্রে ভোটগ্রহণ এখনও শুরু হয়নি।
রাজ্য নির্বাচন বোর্ডের নির্বাহী পরিচালক ক্যারেন ব্রিনসন বেল জানিয়েছেন, ঝড়ে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলের কিছু কেন্দ্রে ভোটদান কার্যক্রম শুরু করতে দেরি হয়েছে।
তিন সপ্তাহ আগে হারিকেন হেলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানার পর অ্যাপালাচিয়া অঞ্চলের অনেক শহর বিধ্বস্ত হয় এবং এতে ২৪৬ জন প্রাণ হারান, যার মধ্যে অর্ধেকেরও বেশি নর্থ ক্যারোলিনায় নিহত হন।
৭৭ বছর বয়সী জয়েস রিচ, যিনি হারিকেন হেলেনের কারণে আগাম ভোট দিতে বাধ্য হন, জানান যে তার বাড়ি কিছুটা রক্ষা পেয়েছে, তবে তার এবং তার স্বামীর কাজ করতে হবে। তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগাম ভোট দিয়ে কাজটি শেষ করব।’
নর্থ ক্যারোলিনায় আগাম ভোটদান বেশ জনপ্রিয়। এবারের আগাম নির্বাচন চলবে ২ নভেম্বর পর্যন্ত। ২০২০ সালের নির্বাচনে মোট প্রদত্ত ভোটের ৬৫ শতাংশ অর্থাৎ ৩৬ লক্ষেরও বেশি ভোট আগাম দেওয়া হয়। ২০১৬ সালের নির্বাচনে ৬২ শতাংশ ভোটার আগাম ভোট দিয়েছিলেন।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২৫টি কাউন্টি এখনও নির্বাচনের দিনের ভোট কেন্দ্রের প্রস্তুতি নিচ্ছে। আশা করা হচ্ছে, অধিকাংশ ভোট কেন্দ্রই নির্বাচনের দিন ভোটদাতাদের জন্য খুলে দেওয়া হবে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com