নির্বাচন ২০২৫ সালের মধ্যে দেওয়া সম্ভব: ড. আসিফ নজরুল

নির্বাচন ২০২৫ সালের মধ্যে দেওয়া সম্ভব: ড. আসিফ নজরুল

নেত্রকোণার আলো ডেস্ক:

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ২০২৫ সালের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হবে। গতকাল বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচনায় তিনি এ কথা জানান।

এটি ছিল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কর্তৃক সম্ভাব্য নির্বাচনের সময় নিয়ে ইঙ্গিত দেওয়ার পর প্রথমবারের মতো কোনো উপদেষ্টা কর্তৃক সরাসরি এ বিষয়ে মন্তব্য।

আলোচনায় ড. আসিফ নজরুল জানান, ডিজিটাল নিরাপত্তা আইন শিগগিরই বাতিল হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের প্রসঙ্গে তিনি বলেন, ‘বন্দি বিনিময় চুক্তি মেনে চললে ভারত তাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য।’

ঢালাও মামলা ও বিচারব্যবস্থার সমালোচনা
এক প্রশ্নের জবাবে ড. আসিফ বলেন, ‘পূর্ববর্তী সরকারের সময় গায়েবি মামলা হতো বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে, কিন্তু এখন হচ্ছে ঢালাও মামলা। যারা আগে নির্যাতিত হয়েছিল, তারাই এসব মামলা দিচ্ছে। এই মামলাগুলোতে যাতে নিরাপরাধ ব্যক্তি শাস্তি না পায় সে বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে।’

সাংবাদিকদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘দায়ী না হলে সাংবাদিকদের বিরুদ্ধে কোনো বিশেষ ট্রাইব্যুনালে বিচার হবে না।’

ছাত্রলীগ নিষিদ্ধ প্রসঙ্গে
ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার এ বিষয়ে সরাসরি কিছু করবে না, তবে জনরোষ বাড়লে নিষিদ্ধের বিষয়টি আলোচনায় আসতে পারে।’

দ্রব্যমূল্য ও নির্বাচন কমিশন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে আসিফ নজরুল বলেন, ‘বন্যার কারণে ডিমসহ বিভিন্ন পণ্যের সরবরাহ কমে গেছে। তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে।’

এছাড়াও তিনি উল্লেখ করেন, কিছুদিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠন করা হবে।

সাকিব প্রসঙ্গ
সাকিব আল হাসান সম্পর্কে তিনি বলেন, ‘সাকিব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার, কিন্তু যখন দেশে আন্দোলন চলছে, তখন তার আনন্দ প্রকাশের ছবি পোস্ট করাটা সময়োপযোগী ছিল না।’

প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা
তিনি আরও বলেন, ‘আমার স্বপ্ন প্রবাসীদের জন্য ভিআইপি সুবিধা দেওয়া। এ বিষয়ে উদ্যোগ নিয়েছি এবং দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এয়ারপোর্টে তাদের জন্য আলাদা লাউঞ্জ চালু হবে।’

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com