শেখ হাসিনাকে ফেরাতে ব্যবস্থা নেওয়া হবে : পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরাতে ব্যবস্থা নেওয়া হবে : পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিলনায়তনে সাম্প্রতিক কূটনৈতিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আদালত এক মাস সময় দিয়েছেন, এবং এই সময়ের মধ্যে তাকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, তা করব।” তিনি আরও জানান, গ্রেপ্তারি পরোয়ানা পুলিশের কাছে পাঠানো হয়েছে, তবে এটি কার্যকর করতে তাদের সহযোগিতার প্রয়োজন হবে।

শেখ হাসিনাসহ অন্যান্যদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তার কাছে যে তালিকা আছে, তা মিডিয়ার তথ্যের ভিত্তিতে। আমরা তাদের সবার অবস্থান চিহ্নিত করার চেষ্টা করছি। আনঅফিশিয়ালি জানা গেছে, শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন।

ভারতের ভিসা ইস্যু নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত ভিসার বিষয়ে যে সিদ্ধান্ত নেবে, সেটা তাদের নিজস্ব বিষয়। তবে, বাংলাদেশের পক্ষ থেকে ভিসা সহজ করতে তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে।

সরকার পরিবর্তনের পর আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিগত সরকারের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে গিয়েছিল, তবে এখন সেটা কেটে গেছে।

লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে তিনি জানান, বিমান সংকটের কারণে সমুদ্রপথে ফেরানোর সম্ভাবনা নিয়েও ভাবা হচ্ছে।

তিনি আরও বলেন, ইতালিয়ান ভিসা নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। তাদের অভ্যন্তরীণ নীতিমালার কারণে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের জন্য কিছু কঠোর নিয়ম প্রণয়ন করা হয়েছে। তবে, আমরা এই সমস্যার দ্রুত সমাধানে কাজ করছি।

কমনওয়েলথ সম্মেলন সম্পর্কে তিনি বলেন, এটি সামোয়াতে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান উপদেষ্টা না গেলেও মিনিস্ট্রিয়াল মিটিংয়ে তিনি যোগ দেবেন। পুরো প্রোগ্রাম ছয় দিনের এবং যাতায়াতে আরও চার দিন সময় লাগবে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com