অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আগামী বছরে পবিত্র ঈদুল আজহায় ছয় দিন এবং ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন থাকবে।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ছুটির তালিকা অনুমোদন করা হয়।
সূত্রের মতে, ঈদুল আজহা ও ঈদুল ফিতরের ছুটির মধ্যে একটি দিন সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ও পরে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। শারদীয় দুর্গাপূজার ক্ষেত্রে বিজয় দশমীর দিন সাধারণ ছুটি এবং নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয় দুই ঈদ ও দুর্গাপূজার ছুটির দিন বাড়ানোর প্রস্তাব দেয়।
বর্তমানে ঈদের ছুটি তিন দিন হলেও কোনো কোনো বছরে তা নির্বাহী আদেশে বাড়ানো হয়েছিল। একইভাবে, এ বছর পূজা উপলক্ষে ছুটি একদিন বাড়ানো হয়েছিল।