নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে অর্ধেকের বেশি পরীক্ষা বাতিল হওয়ায় সাবজেক্ট ম্যাপিংয়ে এইচএসসি ফল প্রকাশ করা হলেও শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এবার কোনো শিক্ষার্থী পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৬৫টি, যা গত বছর ছিল ৪২টি। তবে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৪৩৫টি বেড়েছে।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ মঙ্গলবার ফল প্রকাশের সময় এ তথ্য জানান। তিনি আরও জানান, এবারের গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ, যা গতবারের চেয়ে ০.৮৬ শতাংশ কম। তবে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৫৩ হাজার ৩১৬ জন বেড়েছে, যার পেছনে কারণ হিসেবে সাবজেক্ট ম্যাপিংকে উল্লেখ করা হয়েছে।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ এবং আলিম ও ভকেশনাল পরীক্ষায় পাসের হার যথাক্রমে ৯৩ দশমিক ৪০ শতাংশ এবং ৮৮ দশমিক ৯ শতাংশ।