নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭টি বিষয় ছাড়া বাকি বিষয়গুলোর পরীক্ষা না হলেও, এবার পাসের হার কমেছে শূন্য দশমিক ৮৬ শতাংশ। তবে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা গত বছরের থেকে এবার ৫৩ হাজার ৩১৬ জন বেড়েছে। এর মধ্যে এগিয়ে মেয়েরা।
সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশের কারণে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। আজ মঙ্গলবার ফল প্রকাশ করা হয়।
অধ্যাপক তপন কুমার জানান, অংশগ্রহণকারী ৬ লাখ ৬৬ হাজার ১৩ জন ছাত্রের মধ্যে ৫ লাখ ৩ হাজার ৫৯৫ জন ছাত্র উত্তীর্ণ হয়েছেন। ছাত্রদের পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬৪ হাজার ৯৭৮ জন।
অন্যদিকে ৬ লাখ ৬৫ হাজার ৪৫ জন অংশগ্রহণকারী ছাত্রীর মধ্যে ৫ লাখ ৩১ হাজার ৭১৪ জন উত্তীর্ণ হয়েছেন। ছাত্রীদের পাসের হার ৭৯ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮০ হাজার ৯৩৩ জন।
এ বছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ৪ দশমিক ৩৪ শতাংশ ছাত্রী বেশি পাস করেছে। একই সঙ্গে ১৫ হাজার ৯৫৫ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
২০২৩ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ছিলেন ৯২ হাজার ৫৯৫ জন। এ বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন।