আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন যে, লেবাননও ফিলিস্তিনের গাজার মতো ধ্বংসের মুখোমুখি হতে পারে। তিনি দাবি করেছেন, ইসরাইল ইতিমধ্যেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদ্য প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি এবং তারও উত্তরসূরিকে হত্যা করেছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় নেতানিয়াহু লেবাননের বাসিন্দাদের উদ্দেশে বলেন, “হিজবুল্লাহ বহু বছর ধরে যেমন দুর্বল ছিল, এখন তার চেয়েও বেশি দুর্বল। আপনাদের কাছে লেবাননকে গাজার মতো ধ্বংস এবং দুর্ভোগ থেকে বাঁচানোর সুযোগ আছে। আমি বলছি, আপনারা হিজবুল্লাহ মুক্ত করুন, যাতে যুদ্ধের সমাপ্তি ঘটে।”
আলজাজিরার খবর অনুযায়ী, নেতানিয়াহু বলেন, লেবাননকে গাজার মতো ধ্বংস ও দুর্ভোগের মুখোমুখি হওয়ার আগে একে বাঁচানোর সুযোগ রয়েছে। তবে, নেতানিয়াহুর এ মন্তব্য সম্পর্কে হিজবুল্লাহ এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে ইসরাইলি সেনাবাহিনী দাবি করে, গত সপ্তাহে বৈরুতে তাদের এক বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাশেম সাফিউদ্দীন নিহত হয়েছেন। সাফিউদ্দীন নাসরুল্লাহর পর হিজবুল্লাহপ্রধান হতে পারেন বলে ধারণা করা হচ্ছিল।
এদিকে, ইসরাইলি বাহিনী চলতি মাসের ১ অক্টোবর থেকে লেবাননে স্থল অভিযানও শুরু করেছে। ইসরাইলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ইতিমধ্যে ২ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।