মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চান ড. ইউনূস

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চান ড. ইউনূস

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে ড. ইউনূস বলেন, “ঢাকায় পুরোনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে খুবই খুশি। আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে একমত হয়েছি। বিশেষ করে, তারুণ্যের শক্তিতে আমাদের অগ্রগতির বিষয়ে আমরা একমত হয়েছি।”

তিনি আরও জানান, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। চতুর্থ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বিষয়ে আলোচনা উল্লেখ করে ড. ইউনূস বলেন, “বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, জনশক্তি রপ্তানি, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন ও প্রতিরক্ষা সহযোগিতার মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো নিয়ে কথা বলেছি।”

এছাড়া, মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান তৈরি এবং ভিসা সহজীকরণ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। আসিয়ান জোটে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে অধ্যাপক ইউনূস ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকারের সংঘটিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। দুই নেতা তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসেবে একই গাড়িতে করে বৈঠকের ভেন্যুতে যান।

এর আগে, শুক্রবার দুপুর সোয়া ২টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com