অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘ মহাসচিবের সমর্থন

অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘ মহাসচিবের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক | নেত্রকোণার আলো ডটকম:
ঢাকা: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে উভয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের তথ্য প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

জাতিসংঘ মহাসচিব বৈঠকে জানান, জাতিসংঘের প্যাক্ট অব দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রণোদনামূলক অর্থায়ন দেশটির উন্নয়নে বিশেষভাবে সহায়ক হবে। তিনি বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূয়সী প্রশংসা করে বলেন, “বাংলাদেশি শান্তিরক্ষীরা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বৈঠকে ড. ইউনূস ছাত্র-জনতার সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “আমি এখানে উপস্থিত হতে পেরেছি, কারণ তরুণেরা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে।”

তাদের আলোচনায় আরও স্থান পায় জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের ১৭ কোটি মানুষের ওপর এর প্রভাব, রোহিঙ্গা সংকট, এবং জুলাই-আগস্ট মাসের গণআন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার তদন্তে জাতিসংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান মিশন চালানোর পরিকল্পনা।

গুতেরেস বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় জাতিসংঘের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধির জন্য তার সমর্থন পুনর্ব্যক্ত করেন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com