বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশের আলোচিত নায়িকা পরীমণি আজ আদালতে উপস্থিত হয়েছেন একটি মামলায় সাক্ষ্য দিতে। মামলাটি মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির অভিযোগে দায়ের করা হয়েছিল। মামলার আসামিরা হলেন নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি, এবং শহীদুল আলম।
রবিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহানা হক সিদ্দিকার আদালতে হাজিরা দিতে আদালতে যান পরীমণি। আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হবে বলে জানা গেছে। ২০২২ সালের ১৮ মে ট্রাইব্যুনাল এই তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার আনুষ্ঠানিক শুনানি শুরু করেন।
এর আগে, ২০২১ সালের ৬ সেপ্টেম্বর পরীমণি সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন, অমি সহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা, সাভার মডেল থানার পরিদর্শক কামাল হোসেন, ২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন, অমি এবং শহীদুল আলমকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রের ভিত্তিতে মামলাটি আদালতে চলমান রয়েছে, যেখানে আজ পরীমণির সাক্ষ্য গ্রহণ হবে।
আদালতের শুনানির পরবর্তী তারিখে এ মামলার পরবর্তী পদক্ষেপ জানা যাবে।