বলিউডে সংগ্রামের গল্প : তৃপ্তি দিমরি

বলিউডে সংগ্রামের গল্প : তৃপ্তি দিমরি

বিনোদন ডেস্ক || নেত্রকোণার আলো ডটকম:
কয়েক বছর আগে বলিউডে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। কিন্তু তাঁর শুরুটা মোটেও সহজ ছিল না। অভিনীত চলচ্চিত্রগুলো ব্যর্থতার মুখে পড়ায় এবং সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের নেতিবাচক মন্তব্যের কারণে তাকে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে। এমনকি পরিবার ও আত্মীয়-স্বজনের কাছ থেকেও পেয়েছেন কটু মন্তব্য। তবে সব বাধা পেরিয়ে, এখন বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তৃপ্তি।

সম্প্রতি ক্যাটরিনা কাইফের ব্র্যান্ড ‘কে বিউটি’র ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে তৃপ্তি নিজের অভিনয় ক্যারিয়ারের সংগ্রামের গল্প শেয়ার করেন। তিনি জানান, পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের কাছ থেকে প্রাথমিকভাবে সমর্থন পাননি। তৃপ্তি বলেন, “বিভিন্ন সময়ে কাছের মানুষরা বলতো, অভিনেত্রী হলে বিয়ে হবে না। বাবাকে বলা হত, ‘মেয়েকে কেন এই পেশায় পাঠালে? মেয়ে নষ্ট হয়ে যাবে।’ এসব কথা শুনে খুব কষ্ট পেয়েছি।”

১৯৯৪ সালে জন্মগ্রহণ করা তৃপ্তি বেড়ে উঠেছেন দিল্লিতে। সেখান থেকে মুম্বাইয়ে পাড়ি জমানোর স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমি উত্তরখন্ড থেকে এসেছি, কিন্তু আমার জন্ম ও বেড়ে ওঠা দিল্লিতে। আমার বাবা-মাও সেখানে থাকেন। যখন আমি মুম্বাইয়ে শিফট করি, সেই সময়টা খুবই কঠিন ছিল।”

বলিউডে তৃপ্তির যাত্রা শুরু হয় ২০১৭ সালে ‘মম’ সিনেমার মাধ্যমে। এরপর ‘পোস্টার বয়’ এবং ‘লায়লা মজনু’ সিনেমায় অভিনয় করলেও সেগুলো বক্স অফিসে সফলতা পায়নি। এই ব্যর্থতাগুলো তাকে হতাশ করে। এক পর্যায়ে তিনি বিভ্রান্ত হয়ে পড়েন, কিন্তু নিজের স্বপ্নকে ছাড়েননি।

এক বছরের বিরতি নিয়ে ২০২০ সালে মুক্তি পায় তৃপ্তি অভিনীত ‘বুলবুল’ সিনেমা, যা নেটফ্লিক্সে প্রচারিত হয়। এ সিনেমার মাধ্যমে দর্শকদের মাঝে নতুন করে পরিচিতি পান তিনি। এরপর ২০২১ সালে ‘কলা’ সিনেমায় কলকাতার এক তরুণী গায়িকার চরিত্রে অভিনয় করেন তৃপ্তি, যা ভিন্ন ধাঁচের চরিত্রে তাকে উপস্থাপন করে।

তৃপ্তির ক্যারিয়ারে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসে ‘অ্যানিমেল’ সিনেমার মাধ্যমে। ২০২৩ সালের ১ ডিসেম্বর মুক্তি পাওয়া এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। সিনেমাটি মুক্তির পর তৃপ্তির অভিনীত একটি অন্তরঙ্গ দৃশ্য ভাইরাল হয়, যা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এই বিতর্কের মধ্যেই তৃপ্তি তার অভিনয় দক্ষতার প্রমাণ রেখে দর্শকদের মন জয় করেছেন।

তৃপ্তি দিমরির সংগ্রামী পথচলা প্রমাণ করে, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে যে কোনো বাধা পেরিয়ে সফলতা অর্জন করা সম্ভব।

তথ্যসূত্র: মিড-ডে

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com