নিজস্ব প্রতিবেদক:নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন ৫৫ বছর বয়সী সাদিকুল ইসলাম। সব সময় গলায় ঝুলিয়ে রাখতেন একটি পরিচয়পত্র। খবর সংগ্রহের অজুহাতে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করলেও এর আড়ালে তিনি ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।ডিবির এসআই জাহেদুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুলা দিতে মাদক কারবারিরা নানা কৌশল অবলম্বন করে। সাদিকুল ইসলামও সাংবাদিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে অপকর্ম করে আসছিলেন।
তার ব্যবহৃত পরিচয়পত্রে ‘দৈনিক সময়ের কাগজ’-এর স্টাফ রিপোর্টার হিসেবে নাম উল্লেখ থাকলেও প্রকৃতপক্ষে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত নন। বিষয়টি নিশ্চিত করতে ‘সময়ের কাগজ’-এর সঙ্গে যোগাযোগ করা হলে পত্রিকার সম্পাদক জানান, সাদিকুল ইসলাম নামে তাদের কোনো সাংবাদিক নেই। তিনি ভুয়া পরিচয়পত্র তৈরি করে এই পরিচয় ব্যবহার করে থাকতে পারেন।
পুলিশ জানায়, সাদিকুল নিজে সারাক্ষণ নেশাগ্রস্ত অবস্থায় ঘোরাফেরা করতেন। তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৯৬, তারিখ ২৪/৪/২৫।
এছাড়া সাদিকুল ইসলামের ‘মাদকাস্ত’ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে মাদকসেবীদের চিকিৎসা দেওয়ার নামে নিজেই মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সেখানে অভিযান চালানো হলে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে।