স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ম্যাচের অতিরিক্ত যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে নেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। জয় প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছিল। কিন্তু এরপরই দেখা দেয় নাটকীয়তা। ম্যাচের অতিরিক্ত যোগ করা সময়ের ১৩ মিনিটে এসে পেনাল্টি পেয়ে যায় আল শাবাব, পেয়ে যায় সমতায় ফেরার সহজ সুযোগ। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন আবদেররাজ্জাক হামদাল্লাহ। তার পেনাল্টি মিসের ফলে নাটকীয়ভাবে জয় পায় আল নাসর।
সৌদি প্রো লিগের এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আল নাসর। ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে দলটির সংগ্রহ ১৭ পয়েন্ট। অন্যদিকে শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ২১, যারা আল নাসরের মতোই ৭টি ম্যাচ খেলেছে।
ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে লাপোর্তের গোলে লিড নেয় আল নাসর। ৯০ মিনিটে এসে আত্মঘাতী গোলে সমতা ফেরায় আল শাবাব। কিন্তু শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন রোনাল্ডো।
পেনাল্টি থেকে গোল করে রোনাল্ডো নিজের গোলের রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন। এই ম্যাচের পর আল নাসরের হয়ে ‘সিআর সেভেন’-এর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৪ ম্যাচে ৫৫, সঙ্গে রয়েছে ১৫টি ‘অ্যাসিস্ট’।
আর ১ হাজার গোলকে পাখির চোখ করে এগিয়ে চলা রোনাল্ডোর ক্যারিয়ারে মোট গোলসংখ্যা এখন ৯০৭। জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচের একাধিক ছবি পোস্ট করে বার্তা দিয়েছেন রোনাল্ডো। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা কখনো হাল ছাড়ি না।’