চট্টগ্রাম: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ডিএমপি’র গোয়েন্দা শাখার একটি দল চট্টগ্রামের খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ডিএমপি গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া মশিউর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মশিউর রহমান এর আগে ডিএমপি’র গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছিল।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ৮টি হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার রাতে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, মশিউর রহমানের বিরুদ্ধে করা মামলা এবং তার গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের অভ্যন্তরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।