হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গণহত্যার ২৮ অভিযোগ

হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গণহত্যার ২৮ অভিযোগ

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ২৮টি মামলা দায়ের করা হয়েছে। পদত্যাগের পর দেশত্যাগ করা হাসিনার বিরুদ্ধে এই অভিযোগগুলোতে তার দল আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

এই মামলাগুলোর অভিযোগপত্রে শেখ হাসিনা সরকারের কয়েকজন মন্ত্রী, পুলিশের তৎকালীন আইজি, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ওসি, পরিদর্শক, এসআই, এএসআই, কনস্টেবল, র‌্যাবের তৎকালীন ডিজি এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করা হয়েছে। এমনকি কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধেও গণহত্যার অভিযোগ আনা হয়েছে।

এই মামলাগুলো বর্তমানে তদন্ত পর্যায়ে রয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) নতুন করে ১০ জনকে তদন্ত সংস্থায় নিয়োগ দেওয়া হয়েছে। তবে, বিচারিক প্যানেল না থাকায় আসামিদের গ্রেপ্তারের আদেশ জারি করতে পারছে না প্রসিকিউশন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আজকের তিনটিসহ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ২৮টি অভিযোগ এসেছে, যেগুলোর মধ্যে প্রতিটিতেই সাবেক প্রধানমন্ত্রীর নাম রয়েছে। আইনের বিধান অনুযায়ী, তদন্ত সংস্থা ও প্রসিকিউশন পর্যালোচনা করে যাদের মূল আসামি মনে হবে, তাদের নাম ট্রাইব্যুনালে পেশ করা হবে। ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পরই এ বিষয়ে যথাযথ মামলা দায়ের করা হবে।

প্রথম অভিযোগটি দায়ের করা হয়েছিল ১৪ আগস্টে। কোটা সংস্কার আন্দোলনের শহীদ আরিফ আহমেদ সিয়ামের বাবা মো. বুলবুল কবির এই অভিযোগটি তদন্ত সংস্থায় জমা দেন। আবেদনে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, এই সময়ের মধ্যে আন্দোলনকারী সাধারণ ছাত্র-জনতার ওপর পরিকল্পিতভাবে গুলিবর্ষণ করে তাদের হত্যার মাধ্যমে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।

অভিযোগপত্রে সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনগুলোর নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সবশেষ বৃহস্পতিবার, উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত ভ্যানচালক জসিম উদ্দিনের পরিবারের পক্ষ থেকে প্রসিকিউশনে নতুন অভিযোগ দাখিল করা হয়েছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com