অঘোষিত ফাইনালে ১১৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অঘোষিত ফাইনালে ১১৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

ফেরাটা রাঙালেন রিশাদ হোসেন। তাকে যোগ্য সঙ্গ দিলেন তার মতোই ৩ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান। দুজনের দুর্দান্ত বোলিংয়ে চট্টগ্রামে সহজ লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। অঘোষিত ফাইনালে আয়ারল্যান্ডকে ১১৭ রানের বেশি করতে দেননি তারা। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে একটি করে জয় পাওয়ায় বাংলাদেশ-আয়ারল্যান্ডের আজকের ম্যাচটি অঘোষিত ফাইনাল হয়ে দাঁড়ায়। সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে দারুণ শুরু করেছিল আয়ারল্যান্ড। চতুর্থ ওভারের শেষ বলে যখন টিম টেক্টরকে বোল্ড করলেন শরীফুল ইসলাম তখন আইরিশদের স্কোরবোর্ডে রান ৩৮।

পাওয়ার প্লের শেষ ওভারে টিমের ছোট ভাই হ্যারি টেক্টরকে বোল্ড করে উইকেট উদযাপনে মাতেন মুস্তাফিজ। ফিরতি ওভারে লোরকান টাকারকে রিভিউয়ের সহায়তায় এলবিডব্লিউ করে প্রতিপক্ষের রানের চাকা টেনে ধরেন অফস্পিনার শেখ মেহেদী।  দলীয় ৫১ রানে ৩ উইকেট হারানো আইরিশরা যখন ম্যাচে ফেরার চেষ্টা করছিল ঠিক তখনই নিজের টানা ওভারে ৩ উইকেট নিয়ে তাদের ব্যাটিং অর্ডারই গুঁড়িয়ে দেন রিশাদ হোসেন। তার শিকার হচ্ছেন—একবার জীবন পেয়ে সর্বোচ্চ ৩৮ রান করা ওপেনার কাম অধিনায়ক পল স্টার্লিং, কার্টিস ক্যাম্ফার ও গ্যারেথ ডেলানি।

রিশাদের ঘূর্ণিতে আয়ারল্যান্ডের দলীয় স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৯৩ রান। সেখান থেকে ১১৭ রানের বেশি আর করতে পারেনি সফরকারীরা। শেষ দিকে আরও ২ উইকেট নিয়ে তাদের গুটিয়ে দিয়েছেন মুস্তাফিজ। ৩ উইকেট নেওয়ার পথে রিশাদের ২১ রানের বিপরীতে ১১ রান খরচ করেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজ।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com