ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি :  ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার চাঁনপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফুলপুরের হাতপাগলা গ্রামের হাবিজ মিয়ার ছেলে মো. হাসাদ (১৬), শেরপুরের নকলা উপজেলার ছাতুরগ্রাম গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতী গ্রামের মৃত নব্বে আলীর ছেলে আবুল কাশেম (৫০)। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলার ভাইটকান্দি থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ফুলপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে চাঁনপুর ব্রিজ এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ওসি বলেন, ট্রাকসহ চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com