বাইরে থেকে দরজা লাগিয়ে ঘরে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন কাফির বাবা-মা

বাইরে থেকে দরজা লাগিয়ে ঘরে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন কাফির বাবা-মা

নিজস্ব  প্রতিবেদক: কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় তার মা-বাবাসহ পরিবারের ছয় সদস্য ঘরের মধ্যেই ছিলেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে লাগা এই আগুন ‘পরিকল্পিত’ বলে অভিযোগ করেছেন কাফি।এ ঘটনায় সংবাদ সম্মেলন ডেকেছেন কাফি। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কলাপাড়ায় পায়রা সমুদ্র বন্দর জিরো পয়েন্ট সংলগ্ন স্থানে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি।  জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে ওই আগুনের ঘটনা ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

নুরুজ্জামান কাফির বাবা মাওলানা মো. এ বি এম হাবিবুর রহমান বলেছেন, ‘বাইরে থেকে দরজা আটকে ঘরে আগুন দেয়া হয়। আমাদের আগুনে পুড়িয়ে মারার জন্যই এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি, কিছু নেই। সব শেষ হয়ে গেছে।

আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান এবিএম হাবিবুর রহমান।কাফির প্রতিবেশী ওয়ালি উল্লাহ ইমরান অভিযোগ করেন, ‘এটা সম্পূর্ণ পরিকল্পিত। কারণ জানালার বাইরে থেকে ছিটকিনি লাগানো ছিল। বাড়ির সবাইকে এক কাপড়ে ঘর থেকে বের হতে হয়েছে। কোনোরকম জানে বেঁচে গেছেন তারা।  কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসাইন জানিয়েছেন, রাত সোয়া ২টার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত আগুন লাগার স্টেশনে চলে যাই। যাওয়ার পর দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই।

তিনি আরও জানান, পাশের গোয়াল ঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি। মানুষের কোনও ক্ষতি হয়নি। বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছে। প্রসঙ্গত, নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে। তার বাবা রজপাড়া দ্বীন-এ এলাহী দাখিল মাদরাসার সুপার। তারা দুই ভাই। তিনি করোনাকালে ভাঙা একটি বাড়িতে মশার কয়েল জ্বালিয়ে মাটিতে বসে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আলোচনায় আসেন। এবছর বইমেলায় তার একটি কবিতার বই নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com