শাহিনুর রহমান,কক্সবাজার : কক্সবাজার চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভুইয়া মাসিক আয় কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে গুঞ্জন উঠেছে। আসামি ধরা-ছাড়া নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি। তার কাছে জিম্মি হয়ে নিরীহ মানুষকেও বিপুল পরিমাণ টাকা দিয়ে ছাড়া পেতে হচ্ছে। এছাড়া দাবি পূরণ না হলেই নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে। এসব বাণিজ্য নিয়ে ব্যস্ত সময় পার করায় উপজেলায় চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, হত্যাসহ অপরাধ কর্মকান্ড বেড়ে গেছে।
ওসির মনজুরের এমন অবৈধ কর্মকান্ডে ক্ষুব্ধ স্থানীয়রা। এভাবে চলতে থাকলে চকরিয়া অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হবে বলে মনে করেন স্থানীয়রা। বিএনপির সাবেক সভাপতির ঘনিষ্ঠ হওয়ার সুবাদে ওসি মনজুর কাদের ভুইয়া এখনও বেপরোয়া। ওসির সেল্টারে চোরাই তেল থেকে শুরু করে জুয়া ও মাদক স্পট চলছে। ওসির দম্ভোক্তি ‘আমি যখন যেখানে যেতে চাই সেখানেই বদলি হয়, না চাইলে কেউ বদলি করতে পারবে না’। অপরাধীদের সঙ্গে ওসির সখ্যতা থাকায় অপরাধ প্রবণতা দিন দিন বেড়েই চলছে।
তার এসব কর্মকান্ডে ক্ষুব্ধ থানায় কর্মরত অনেক কনস্টেবল থেকে শুরু করে এসআই ও এএসআইরাও। কিন্তু ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। নাম না প্রকাশ শর্তে বেশ কয়েকজন পুলিশ সদস্য জানায়, ওসি নিজে তদারকি করে রাতের ডিউটি বন্টনের করে দেন। বন্টনের পূর্বেই অফিসারদের বলে দেয়া হয় যে কোন মূল্যে লোকজন ধরতে হবে এবং ধরার পর উৎকোচ নিয়ে ছেড়ে দিতে হবে। রাতের টার্গেট দিয়ে দেয়া হয় অফিসারদের। যার ফলে দায়িত্বে থাকা অফিসাররা টার্গেট ফিলাপ করতে বাণিজ্য নিয়ে ব্যস্ত সময় কাটান। এ কারণে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সূত্র জানায়, ওসি মনজুর কাদের ভুইয়া এমন করে গাড়ি-বাড়ি, মার্কেট, জমি-জমাসহ অঢেল সম্পদের মালিক বনে গেছেন। তিনি নামে-বেনামে এসব সম্পত্তি রেখেছেন।