৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন

৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন

অনলাইন  ডেস্ক: রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা জোনাল টিমের ডিবি পুলিশের পরিদর্শক মো. মাহমুদুর রহমান তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ৩ সেপ্টেম্বর চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। এরপর বেশ কয়েক দফায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।  মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ রোডের পাশে জসিম উদ্দিন মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ফজলুল করিম।
বিকেল সাড়ে ৪টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হন ফজলুলসহ আরো অনেকে। ওই দিন ৯টা ১৯ মিনিটের দিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় চৌধুরী মামুন ছয় নাম্বার এজাহারনামীয় আসামি।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com