সাহেরুল আজম খান : থানায় চেয়ারে বসে ঘুষ নেওয়ার অভিযোগে কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ সফিকুল ইসলামের বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টার্সে অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী নারী। গত বৃহস্পতিবার মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বরাবরে অভিযোগটি দাখিল করেছেন আশরাফিয়া আক্তার নামে এক নারী। এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) আজিজুল ইসলাম বলেন, অনিয়মের অভিযোগ যার বিরুদ্ধেও থাকবে আমি এ্যাকশনে যাবো।
জানা যায়, ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকার আজিজুল হকের মেয়ে আশরাফিয়া আক্তার বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেছেন। আশরাফিয়া আক্তার জানান, কোতোয়ালি মডেল থানায় মামলা করতে গেলে ওসি সফিকুল ইসলাম আমার কাছে সরাসরি ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে মামলা নিবে না বলে সাফ জানিয়ে দেন। আশরাফিয়া আক্তার আরও বলেন, তার এক আত্মীয় পুলিশে চাকরি করেন। তার কাছ থেকে বিস্তারিত জেনে পুলিশ হেডকোয়ার্টার্স আইজিপি বরাবরে এ অভিযোগ দায়ের করি।
এমন দুর্নীতিবাজ কর্মকর্তাদের ওসি হিসাবে থানায় থাকলে সাধারণ মানুষ সেবা পাবে না। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ভুক্তভোগী নারীকে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম জানান,আমি থানায় মহিলাকে একবার দেখেছি।মামলার খরচের জন্য কিছু টাকা চেয়েছি কিন্তু তিনি রাগের মাথায় আমার সাথে উল্টাপাল্টা কথা বলেছেন।